গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেটের গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজারে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যতম সদস্য আল আমিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং পলাতক খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ ঘটিকায় গোয়াইনঘাট বাইপাস এলাকায় গোয়াইনঘাটের সর্বস্তরের পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গোয়াইনঘাট ৭০৭ সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলা উদ্দিনের সভাপতিত্বে ও ২১৫৯ ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ১৩২৬ ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক বদরুল ইসলাম (কুটন), অটো ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন লালন ও ৭০৭ সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ পরিবহন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের পরিবহন শ্রমিকের সিনিয়র সদস্য আল আমিন হত্যার সাথে জড়িত সকল খুনীদের দ্রুত গ্রেফতার করতে হবে। তারা দ্রুত গ্রেফতার না হলে এলাকায় অস্থিরতা বাড়বে এবং আইনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে। এছাড়া আমাদের নিরীহ পরিবহন শ্রমিকদের উপর পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় নেতৃবৃন্দ নিহত পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে" -এরকম নানা স্লোগান দিয়ে মানববন্ধন এলাকা উত্তপ্ত করে তুলেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে আহারকান্দি বাজারে দোকানের পেছনের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পরিবহন শ্রমিক আল আমিন গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Imdadur Rahman