ঢাকা | বঙ্গাব্দ
WATCH 24

SylhetWatch24.com

Behind the Story: ঘটনার পিছনের গল্প

গোয়াইনঘাটে সাবমারসিবল সড়ক ও বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
গোয়াইনঘাটে সাবমারসিবল সড়ক ও বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছবির ক্যাপশন: "উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।"
গোয়াইনঘাটে সাবমারসিবল সড়ক ও বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গহড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে রাধানগর বাজার জিসি সড়ক হতে গহড়া দোয়ারীখেল গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ আরসিসি সাবমারসিবল সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বন্যা ও দুর্যোগ সহনীয় এই সড়কটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকা। স্থানীয়রা জানান, এই সড়কটি নির্মিত হলে বর্ষা মৌসুমেও অত্র এলাকার যাতায়াত ব্যবস্থা সচল থাকবে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, "সিলেটে পাথর কোয়ারি বন্ধ থাকায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সরকার তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মাধ্যমে স্বল্পমেয়াদী বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় তাদের মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।"
একই দিনে মন্ত্রী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। তবে সেখানে মঞ্চে আসন গ্রহণ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটে। দফায় দফায় চেষ্টা করেও পরিস্থিতি শান্ত না হওয়ায় এবং পরিবেশ ঘোলাটে হওয়ায় প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সফলতা কামনা করা হয় এবং মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন।

নিউজটি পোস্ট করেছেন : Imdadur Rahman

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন